বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব হাসপাতাল সার্বক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে জানানো হয়, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মোট ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো—
১. সব হাসপাতাল ও প্রতিষ্ঠান প্রধান নিজ দায়িত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সার্বক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
২. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করবেন।
৩. মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
৪. বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত সূচি অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে ছবি সংযুক্ত প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।
৫. সিভিল সার্জনরা প্রতি মাসের নির্দিষ্ট শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
৬. ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন চালু করে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর