আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটিতে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৫৫৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৮৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪৮৬ জনকে আটক করা হয়।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে দেশত্যাগের চেষ্টা করায় আরও ২২ জনকে আটক করা হয়।
অভিযানে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা তাদের তথ্য গোপন করে সহায়তার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশটিতে অবস্থানরত ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আবাসন ও শ্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।
এদিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৬ হাজার ৫৫৫ জনকে ফ্লাইটসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়ায় রাখা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহেই ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
তবে ফেরত পাঠানো ব্যক্তিরা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা যায়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর