বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে ৪৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছে ‘দুর্নীতি বিরোধী জোট মোরেলগঞ্জ নামে একটি সংগঠন।
রোববার (৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংগঠনটির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে একটি অভিযোগপত্র বিতরণ করা হয়। এতে দাবি করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে এমএসআর (রোগীদের ওষুধপত্র) কেনার জন্য বরাদ্দ ৪৩ লাখ টাকার বেশি অর্থ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, সরকারি হাসপাতালের রোগীদের অন্যত্র নিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসা দেওয়া, সরকারি হাসপাতালের সুযোগ-সুবিধা ব্যবহার করে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, অবৈধ মেডিকেল সার্টিফিকেট দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ এবং রোগীদের ব্যক্তিগত ক্লিনিকে পাঠানোর অভিযোগ রয়েছে।
এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক বিল-ভাউচারে স্বাক্ষর নেওয়া, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আর্থিক অনিয়ম, ঘন ঘন স্টোরকিপার ও প্রধান সহকারী পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি এবং হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট তৈরির অভিযোগও তদন্তের দাবি জানানো হয়।
অভিযোগকারীদের দাবি, কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রেজাউল করিম, মাহমুদা খানম, সাবিনা ইয়াসমিন টুলু, বশির উদ্দিন, আবদুল্লাহ আল মামুন ও শহিদুল ইসলাম।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর