যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ জনই নিরাপদে অবতরণ করেন। কেউ হতাহত হননি।
জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। উড্ডয়নের কিছু সময় পর পাইলট একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি দ্রুত ঢাকায় ফিরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
নিরাপদে অবতরণের পর সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে টার্মিনালে নেওয়া হয়। এ ঘটনায় বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য সুস্থ রয়েছেন।
পরে চট্টগ্রামগামী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ।
তবে ঠিক কী কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর