পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ে। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্নও অপূর্ণই থেকে গেল।
তবে এই আক্ষেপ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে না। ম্যাচ শেষে রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০১৬ সালে পর্তুগালের হয়ে জেতা ইউরো চ্যাম্পিয়নশিপই তার কাছে বিশ্বকাপ জয়ের সমান।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দেখা যায়নি চেনা ছন্দে। পুরো ম্যাচে স্পেনের গোলরক্ষক উনাই সিমোনকে লক্ষ্য করে নেওয়া একটি দুর্বল শট ছাড়া তেমন কোনো প্রভাব রাখতে পারেননি তিনি।
ম্যাচের স্টপেজ টাইমের প্রথম মিনিটে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। সেই গোলেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচের আগেই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
বিদায়ের হতাশা থাকলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ শান্ত ছিলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। তিনি বলেন, “পর্তুগালের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন হলো ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়। ওই ট্রফিটি আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ।”
প্রায় ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইউরো ২০১৬-এর পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জিতেছেন রোনালদো। কিন্তু বিশ্বকাপে তার সেরা সাফল্য ২০০৬ সালে সেমিফাইনাল পর্যন্ত ওঠা। এরপর আর কখনো শেষ চারে জায়গা করে নিতে পারেনি পর্তুগাল।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন রোনালদো। তার ভাষায়, “আগামীকাল আমি একদম পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব। কারণ আমি নিজের সর্বস্ব দিয়ে খেলেছি। আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার অভিষেকের আগে পর্তুগাল কোনো শিরোপাই জেতেনি।”
তবে পর্তুগালের জার্সিতে স্পেনের বিপক্ষের ম্যাচটিই তার শেষ ম্যাচ কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে তিনি বলেন, “আমি আবেগের বশবর্তী হয়ে কখনো কোনো সিদ্ধান্ত নিই না। আমি খেলা চালিয়ে যাব কি না, তা এই মুহূর্তে মোটেও গুরুত্বপূর্ণ নয়।”
রোহান/সা.এ.
সর্বশেষ খবর