• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৭:৫২ বিকাল

'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' সরকারের প্রশংসনীয় উদ্যোগ: রিজভী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, "আমার কর্মজীবনে যত মানুষের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, তাদের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব মনে হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পূর্ব থেকেই পরিবেশ সুরক্ষাকে অন্যতম অগ্রগণ্য বিষয় হিসেবে বিবেচনা করতেন। তারই জোরালো বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মাধ্যমে।"

তিনি আরও বলেন, কর্মসূচি সফল করতে সরকার বিভিন্ন পেশাজীবীদের যুক্ত করার যে কৌশল নির্ধারণ করেছে, তা প্রমাণ করে বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার।

প্রধানমন্ত্রীর অপর একটি দূরদর্শী পদক্ষেপের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ সরকারের আরও একটি অনন্য ও প্রশংসনীয় কর্মসূচি। একটি শিশু যখন একটি গাছ লাগাবে, তখন সেই গাছের প্রতি তার ও তার পিতা-মাতার মমত্ব তৈরি হবে। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগালে শিক্ষকদের মধ্যেও গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে।" এছাড়া পরিবেশবান্ধব কৃষিজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার শিক্ষার্থীদের মাঝে পাটের স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, "প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেভাবে দূরদর্শী নেতৃত্ব দিয়ে দেশ গড়েছিলেন, ঠিক তেমনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও দেশকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নানা সাহসী পদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমান সরকার বিগত মাত্র ৪ মাসে যে কাজ করে দেখিয়েছে, বিগত সরকার দীর্ঘ ১৭ বছরেও সেসব কাজ হাতে নেওয়ার সাহস করতে পারেনি।"

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার দেশের বন উজাড় করেছে, বনবিভাগের জমি দখল করেছে এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে। পরিবেশের এই ক্ষতি উপলব্ধি করেই মাননীয় প্রধানমন্ত্রী এই মহৎ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। দেশের মানুষ বিএনপিকে নিরাপদ মনে করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তবে ৭১ এবং ২৪-এর গণহত্যাকারী গোষ্ঠী বিএনপির এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের দল হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুল এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]