• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
আবু সাঈদ
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৬:৪৮ বিকাল

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ‘হাস্যকর’: বিমানমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পলাতক শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কোনো সরকার আবার ক্ষমতায় ফিরে এসেছে, ইতিহাসে এমন নজির নেই।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও এমন নজির নেই যে কোনো পলাতক স্বৈরশাসক একবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। গণঅভ্যুত্থানে বিদায় নেওয়া সরকারের ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার অতীতের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, তৎকালীন সময়ে খালেদা জিয়া যেসব দূরদর্শী কথা বলেছিলেন, সেগুলো আজ বাস্তবে প্রমাণিত হয়েছে।

বাঙালি জাতির স্বাধীনচেতা মনোভাবের কথা উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, অন্যায় দেখলে এ দেশের মানুষ প্রতিবাদ করে এবং সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে। বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লড়াই করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন।

বিগত সরকারের সমালোচনা করে বিমানমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদের জমি ও বাড়িঘর দখলের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর দাবি, এসব অপকর্মের দায় অন্যদের ওপর চাপিয়ে বিদেশে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।

দেশের বিদ্যুৎ ও গ্যাসসংকটের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আগের সরকারের দূরদর্শী পরিকল্পনার অভাব ছিল। নতুন গ্যাসকূপ খনন এবং ভবিষ্যতের চাহিদা পূরণে প্রয়োজনীয় প্রস্তুতি না নেওয়ায় এখন দেশবাসীকে এর মাশুল দিতে হচ্ছে।

জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে জেলার বিভিন্ন উপজেলার ৫৭১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে মোট ১৬ কোটি ৫৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]