সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২'র সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টার সময় সলঙ্গা থানার হরিণচড়া গ্রামের ঢাকা থেকে রাজশাহী গামী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানার মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম (৫৪) ও মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকারের ছেলে মোঃ তহিদুল ইসলাম(৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে তিন টার সময় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া গ্রামের ঢাকা থেকে রাজশাহী গামী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কের সাথে খোলা জায়গায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহন কালে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ও স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ১৪ হাজার টাকা ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং স্ক্যাফ সিরাপ মাইক্রোবাস যোগে বহন পূর্বক নিজেদের হেফাজতে রেখে ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।
পরে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর