বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং প্রাণহানির ঘটনা বেড়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভীর অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াত সহজ করতে হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে সন্তুষ্ট করার লক্ষ্যেই শেখ হাসিনা সরকারের আমলে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক পালন করছে। শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন।
এ সময় তিনি বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর