জলাবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে বৃষ্টির পানি জমে থাকার প্রতিবাদে দেশীয় প্রজাতির মাছ ছেড়ে দিয়ে অভিনব কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির কৈ ও মাগুর অবমুক্ত করে তারা এই প্রতিবাদ জানান।
ডাকসুর অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মাঠ সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ এবং কমিটি গঠন করা হলেও প্রশাসনের অবহেলা ও টালবাহানায় কাজ আটকে আছে। বারবার তাগিদ দেওয়ার পরও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
প্রতিবাদ কর্মসূচিতে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডাকসু নির্বাচনের আগে মাঠ সংস্কার করাটা আমার অন্যতম চ্যালেঞ্জিং ইশতেহার ছিল। আমরা মাঠ সংস্কারের উদ্যোগ নিলে প্রশাসন সরাসরি বলে দেয় তাদের কোনো বাজেট নেই। পরবর্তীতে বিসিবি থেকে ২ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায় এবং ১০ ফেব্রুয়ারি ট্রেজারার স্যারকে সভাপতি করে একটি কমিটিও গঠিত হয়।’
প্রশাসনের দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কমিটি গঠনের প্রায় দুই মাস পর ৩০ এপ্রিল মিটিং হয়। সেখানে অযৌক্তিক কারণ দেখিয়ে বলা হয়, মাঠ সংস্কার করলে পেছনের সুইমিং পুলে পানি ঢুকবে। অথচ এখন সুইমিং পুলেও একই পানি। এরপর সিদ্ধান্ত হয় ডিজিটাল সার্ভে করার। দেড় মাস পার হলেও দুই দিনের সেই সার্ভে কাজ এখনও সম্পন্ন হয়নি। ডিরেক্টর, প্রধান প্রকৌশলী বা ট্রেজারার কেউই এ বিষয়ে সঠিক উত্তর দিতে পারছেন না। আমরা স্পষ্ট বুঝতে পারছি, ইচ্ছাকৃতভাবে এই কাজ আটকে রাখা হয়েছে।’
মাছ ছাড়ার কারণ ব্যাখ্যা করে ক্রীড়া সম্পাদক বলেন, ‘যেহেতু মাঠটি এখন পুকুরে পরিণত হয়েছে, তাই আমরা দেশি মাছ ছেড়েছি। প্রশাসন যেহেতু সংস্কার করতে পারছে না, আমরা মাছ চাষ করব। এই মাছ বিক্রি করে যে অর্থ আসবে, তা দিয়েই মাঠ সংস্কার করব।’
তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘অনতিবিলম্বে মাঠের সংস্কার কাজ শুরু না হলে আমরা শারীরিক শিক্ষা কেন্দ্র এবং ট্রেজারার অফিস ঘেরাও করতে বাধ্য হব।’
প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এবং বিভিন্ন হলের ভিপি, জিএস, এজিএস।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর