বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ঢালিউডের দুই পরিচিত মুখ ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের মজার খুনসুঁটি এবার নতুন মাত্রা পেয়েছে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে মন্তব্যের জেরে শুরু হওয়া এই রসিকতায় এবার ‘অরিজিনাল চাবুক’ আনার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ওমর সানী।
সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৪৬ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’
তবে পোস্টের শেষে ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ উল্লেখ করে তিনি পরিষ্কার করেন, এটি শুধুই খেলাধুলাকে ঘিরে বন্ধুত্বপূর্ণ রসিকতা, ব্যক্তিগত কোনো বিরোধ নয়।
এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই প্রসঙ্গেই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি মন্তব্য করেন, নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন নাকি তিনি বুঝতে পারছেন।
জয়ের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তার জবাবেই রসিকতার সুরে ‘অরিজিনাল চাবুক’ অর্ডার করার কথা জানান ওমর সানী।
দুই তারকার এই হালকা মেজাজের বাক্যযুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তাদের পোস্টের মন্তব্যগুলোতে নেটিজেনদের আনন্দঘন প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, বিষয়টিকে অধিকাংশই নিছক বিনোদন হিসেবেই উপভোগ করছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর