বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব এবার প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে লাইভ পারফর্ম করতে যাচ্ছেন।
আগামী ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিতব্য ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে মঞ্চে উঠবেন তিনি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ শুরুর আগে বিশেষ এই পরিবেশনায় সঞ্জয় দেবের সঙ্গে থাকবেন ডিজে জুডু।
বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর থেকেই আন্তর্জাতিক দর্শকদের নজর কাড়েন সঞ্জয় দেব। তার সংগীত পরিবেশনার পাশাপাশি পরনে থাকা বিশেষ মেরুন রঙের স্যুটও আলোচনার জন্ম দেয়। সেই পোশাকে ফুটে উঠেছিল বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের নকশা, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়।
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘ফ্যান ফেস্ট ২.০’। প্রতিদিন বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ১৪ জুলাই প্রথম সেমিফাইনালের দিনে পারফর্ম করবেন ফিরোজ জং ও ডিজে সুমন। ১৫ জুলাই মঞ্চে থাকবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। ১৬ জুলাই পরিবেশনা করবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই দর্শকদের মাতাবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকবেন ডিজে সানী। আর ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের আগে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সঞ্জয় দেবের এক্সক্লুসিভ লাইভ পারফরম্যান্স।
বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক, গায়ক ও ডিজে হিসেবে কাজ করছেন। তার প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ এবং জেফারসহ দেশ-বিদেশের বহু জনপ্রিয় শিল্পী।
এদিকে, অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে ফ্যান ফেস্ট ২.০-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা এবং ফাইনালের দিনের টিকিটের দাম রাখা হয়েছে ৭০০ টাকা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই আয়োজন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর