• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
রোহান হাওলাদার
সাব-এডিটর
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৬:৪৫ বিকাল

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে এই সের্গেই কোরেৎস্কি

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্বালানি খাতের অভিজ্ঞ কর্মকর্তা সের্গেই কোরেৎস্কি। বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির পার্লামেন্ট তার নিয়োগ অনুমোদন করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ বছর বয়সী কোরেৎস্কি যুদ্ধ শুরুর পর ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে সরকার পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রকৌশলী ও অর্থনীতিবিদ কোরেৎস্কি এর আগে কখনও সরকারি দায়িত্ব পালন করেননি। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সরাসরি সম্পৃক্ততা নেই। বিশ্লেষকদের মতে, তার রাজনৈতিক নিরপেক্ষতা এবং দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিতিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দুই দশকের বেশি সময় ধরে ইউক্রেনের জ্বালানি খাতে কাজ করেছেন কোরেৎস্কি। তেল ও গ্যাস উৎপাদন, সরবরাহ, পরিশোধন এবং আন্তর্জাতিক অর্থায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালের মে মাস থেকে তিনি রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দেশটির বৃহত্তম তেল কোম্পানি ইউক্রনাফতার প্রধান নির্বাহীও ছিলেন।

এ ছাড়া ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিউম গ্রুপ এবং জ্বালানি স্টেশন চেইন ডব্লিউওজি-এর প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেছেন তিনি। পশ্চিম ইউক্রেনের লুৎস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি ব্যবসা খাতেও সক্রিয় ছিলেন এবং একটি কফি চেইন প্রতিষ্ঠা করেছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো সচল রাখা এবং আসন্ন শীতের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা। গত শীতে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। চলমান হামলার কারণে এবারও একই ধরনের সংকটের আশঙ্কা রয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হবে শীতকালীন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা।

এর আগে সরকার পুনর্গঠনের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া রিদেঙ্কো পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র পার্লামেন্ট অনুমোদন করার পরই কোরেৎস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]