নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-নববধূসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত ভোর রাত ৩টার দিকে কিশোরগঞ্জ উপজেলার শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন - নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।
বিয়ে শেষে বরযাত্রী বর ও নববধূকে নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে ভোর রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা বর-কনেসহ ১৪ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, হাসপাতালে নিয়ে আসলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। ওসি আব্দুল গফুর বলেন, শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর