ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৮ জুলাই) বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামে একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটির লাইসেন্স বাতিল করা হলেও একটি খামারবাড়িতে অবৈধভাবে কার্যক্রম চালানো হচ্ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণের খবর পেয়ে দমকল বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত আহমেদাবাদ সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে, বিস্ফোরণের কারণ এবং কীভাবে লাইসেন্স বাতিল হওয়ার পরও কারখানাটি পরিচালিত হচ্ছিল, তা তদন্ত করছে স্থানীয় প্রশাসন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর