বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে। তবে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা অব্যাহত ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়াগত ব্যবস্থাটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে পরে আবহাওয়া দপ্তর জানায়, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না।
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। কোনো কোনো এলাকায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। এ ছাড়া ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা জানানো হয়। স্থলভাগে প্রবেশের সময় দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
পরিস্থিতি বিবেচনায় ওডিশার কয়েকটি জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ তৈরি না হলেও গভীর নিম্নচাপের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি ও দমকা বাতাসের ঝুঁকি ছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর