ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সাজু/নিএ
সর্বশেষ খবর