• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৪:০৬ দুপুর

ঠাকুরগাঁও সদর হাসপাতালে বিশুদ্ধ পানির তীব্র সংকট, দুর্ভোগে রোগী ও স্বজনরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঠাকুরগাঁও ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের নলকূপগুলো বিকল হওয়ায় সুপেয় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির এ সংকটে হাসপাতালের ভর্তি প্রায় ৫ শতাধিক রোগীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। রোগীর স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে; বাধ্য হয়েই হাসপাতালের বাইরে অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে তাঁদের। রাতের বেলা অনেক রোগীকে বাথরুমের ট্যাপ থেকে নোংরা পানি পান করতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, খুব দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।

ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সদর হাসপাতালে প্রায় ৪/৫ শতাধিক রোগী ভর্তি থাকেন এবং প্রায় ৬ থেকে ৮ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নেন। হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতালে ৪/৫টি নলকূপ থাকলেও সেগুলোর বেশিরভাগই অকেজো। কোনোটির হাতল নেই, কোনোটির নেই নাট-বল্টু, আবার কোনোটির বোরিং পাইপ থাকলেও নলকূপের মূল অংশই অনুপস্থিত।

হাসপাতালের অভ্যন্তরীণ নলকূপগুলোর এমন বেহাল দশা হওয়ায় রোগী ও স্বজনরা হাসপাতালের মূল ফটকের দুধারের ফুটপাতের ছোট্ট হোটেল ও খাবার দোকানগুলোর ওপর নির্ভরশীল ছিলেন। সেসব দোকান ও হোটেলের নলকূপের পানিই ছিলো রোগী ও তাঁদের স্বজনদের সুপেয় পানির একমাত্র উৎস। তবে গত দু'সপ্তাহ আগে পৌরসভার অভিযানে হাসপাতালের মূল ফটকের দুধারের সেসব দোকান ও হোটেল উচ্ছেদ করা হলে রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির সেই উৎসও নষ্ট হয়ে যায়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আসিয়া নামের এক রোগীর স্বজন জানান, তিনি ৫ দিন আগে রোগী নিয়ে এসেছেন। প্রতিদিন রোগীর ওষুধ ও অন্য ২ স্বজনের জন্য খাবার সরবরাহ করতে কষ্ট না হলেও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য তাঁকে বেশ বেগ পেতে হচ্ছে। প্রতিদিন প্রায় ২০০ টাকার পানি কিনতে হচ্ছে তাঁকে।

মাইনুল ইসলাম নামের আরেক রোগীর স্বজন জানান, তিনি তাঁর ৩ বছর বয়সী মেয়েকে নিয়ে দুদিন হলো হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের নলকূপ নষ্ট থাকায় রাতে পানি সংগ্রহ করতে পারেন না। ভোরে হাসপাতালের বাইরে অনেক দূর থেকে পানি আনতে হয়। অন্যান্য রোগীর স্বজনরাও জানান, হাসপাতালের পাইপ লাইনে যে পানি আসছে, তাতে ময়লা ও পোকা থাকায় তা পানের অযোগ্য। তবে, সে পানি দিয়ে কোনো রকমে ধোয়া-মোছার কাজটি করা যায়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল জানান, খুব দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে। ইতোমধ্যেই শিশু ওয়ার্ডের সামনের নলকূপটি মেরামত করা হয়েছে এবং তা ব্যবহার করা যাচ্ছে। বাকিগুলোও খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবহারের উপযোগী করে তুললে রোগী ও স্বজনদের সুবিধা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]