প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোহাম্মদ মোজাফফর হোসেনের বিচার বাংলাদেশ সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একই অপরাধে দুটি পৃথক আইনে বিচার করার সুযোগ নেই। তাই প্রযোজ্য আইন অনুযায়ী তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বিষয়টি আইন অনুযায়ী এগোবে এবং বিচার প্রক্রিয়া সেনাবাহিনীর আওতায় সম্পন্ন হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, “একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না। এখানে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য এবং কো অ্যাকিউসদের বিষয়ে ট্রায়াল হয়েছে, সেটা সেনা আইনে হয়েছে জেনারেল কোর্ট মার্শাল হয়েছে।
“সে ঘটনার একই ব্যক্তি পলাতক ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই ঘটনায় একজন ব্যক্তির বিরুদ্ধে দুটি ভিন্ন আইনে একসঙ্গে বিচার চালানো যায় না। এ কারণেই মেজর (অব.) মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং সামরিক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত সপ্তাহে গোয়েন্দা পুলিশ (ডিবি) মেজর (অব.) মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে। তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি। গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর