• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৩:২৭ দুপুর

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর একদল যুবকের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রাজধানী রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। সেখান থেকে নিজেকে ছাড়িয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক উচ্চারণও লক্ষ করা গেছে। এ সময় হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন এবং একে অন্যকে হামলা চালাতে উসকানি দিতে শোনা যায়।

যদিও ঘটনাটি ইতালির রোমে ঘটেছে বলে জানা গেছে, তবে হামলার সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি উঠেছে ঘটনার সময় বনি আমিন মদ্যপ ছিলেন কি না বা রাজনৈতিক মতপার্থক্য এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে কি না তবে এসব তথ্যের কোনোটি এখনো স্বাধীনভাবে যাচাই বা কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশের নোয়াখালীর হাতিয়া উপজেলায় জন্ম নেওয়া বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক। ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে তিনি বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়মিত ফেসবুকে শেয়ার করে পরিচিতি অর্জন করেছেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করেন।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটরের ওপর হামলার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকেই।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]