ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকা, স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং কর্মরত নার্স ও টেকনিশিয়ানদের প্রয়োজনীয় সনদপত্র না থাকার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে 'মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২' এবং 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯' অনুযায়ী পাঁচটি মামলায় পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— আশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সিটি জেনারেল হাসপাতাল, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর