‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনায় গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারের সঙ্গে একই চেতনায় কাজ করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বরোচিত হামলা শুরু করলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করেন। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে বাংলাভাষী সেনা কর্মকর্তা ও সদস্যদের একত্র করে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ শীর্ষক নিবন্ধে এসব ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। সেখানে জিয়াউর রহমান লিখেছেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি ব্যাটালিয়নের কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের উদ্দেশে ভাষণ দিয়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন এবং একটি সামরিক পরিকল্পনা দেন। ১৯৭২ সালে দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রে এসব লেখা প্রকাশিত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, ২৬ মার্চ রাতে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেওয়ার পর ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতাকামী জনগণের উদ্দেশে আবারও স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। বেতারের মাধ্যমে সেই ঘোষণা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে। এ কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস ঐতিহাসিকভাবেই অনন্য ও অসাধারণ।
সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও বীরত্বের প্রতীক সশস্ত্র বাহিনী। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অপচেষ্টা চলেছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই দিন সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তাঁর অভিযোগ, ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ চালিয়েছিল। এর পরবর্তী সময়ে বাংলাদেশকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, দেশপ্রেমিক জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর