• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৬:০২ বিকাল

শীতে কোন আটার রুটি বেশি উপকারী, বাজরা নাকি ভুট্টা-রাগি?

ছবি: সংগৃহীত

শীত এলেই জমে ওঠে নানা পদের খাওয়াদাওয়া। এ সময় গরম গরম রুটি, পরোটা কিংবা শাকসবজির সঙ্গে ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করেন অনেকে। তবে প্রতিদিন গমের আটার রুটি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। স্বাদে পরিবর্তন আনতে শীতের খাদ্যতালিকায় রাখা যেতে পারে বাজরা, ভুট্টা, জোয়ার কিংবা রাগির আটার রুটি।

শুধু স্বাদের বৈচিত্র্য নয়, এসব শস্যের রয়েছে আলাদা পুষ্টিগুণও। ফাইবার, আয়রন ও ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় বিভিন্ন ধরনের শস্যে। তাহলে শীতের খাবারের তালিকায় কোন কোন আটার রুটি রাখতে পারেন, জেনে নেওয়া যাক।

বাজরার রুটি

শীতকালে বাজরার আটার রুটি বেশ জনপ্রিয়। তুলনামূলক মোটা ও ঘন এই রুটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে খাদ্যআঁশ ও আয়রন। গুড়, সর্ষের শাক কিংবা বিভিন্ন ধরনের সবজির সঙ্গে বাজরার রুটি খেতে দারুণ লাগে। বিশেষ করে গ্রামীণ ও দেশীয় খাবারের স্বাদ পেতে চাইলে এটি হতে পারে ভালো বিকল্প।

ভুট্টার রুটি

শীতের খাবারের কথা উঠলে ভুট্টার আটার রুটির সঙ্গে সর্ষের শাকের যুগলবন্দির কথা মনে পড়ে। পাঞ্জাবসহ ভারতের উত্তরাঞ্চলে এই খাবার বেশ জনপ্রিয়। ভুট্টার আটায় গমের মতো গ্লুটেন থাকে না। ফলে এই আটা দিয়ে রুটি তৈরি করা কিছুটা কঠিন হতে পারে। সহজে বেলার উপযোগী না হওয়ায় অনেকে হাতের তালুতে চেপে চেপে রুটি তৈরি করেন। সর্ষের শাক, মাখন, বিভিন্ন সবজি কিংবা গুড়ের সঙ্গে এই রুটি খাওয়া যায়।

জোয়ারের রুটি

খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে জোয়ারের আটার রুটিও রাখতে পারেন খাদ্যতালিকায়। জোয়ার প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত এবং এতে রয়েছে খাদ্যআঁশ। গমের আটার মতো এতে আঠালো উপাদান না থাকায় রুটি তৈরি করতে কিছুটা কৌশল প্রয়োজন হয়। আটা মাখার সময় হালকা গরম পানি ব্যবহার করলে রুটি তৈরি করা সহজ হয়। সবজি, ডাল কিংবা পছন্দের তরকারির সঙ্গে জোয়ারের রুটি খেতে পারেন।

রাগির রুটি

পুষ্টিগুণের দিক থেকে রাগি বা ফিঙ্গার মিলেট বেশ পরিচিত একটি শস্য। এতে ক্যালসিয়াম, আয়রন ও খাদ্যআঁশ রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত এই আটার রুটির স্বাদও কিছুটা আলাদা। রাগির আটা মাখার সময় হালকা গরম পানি ব্যবহার করলে রুটি তৈরি করতে সুবিধা হয়। টকদই, শাকসবজি কিংবা ডালের সঙ্গে রাগির রুটি খেতে পারেন।

গমের আটার রুটি

বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় সবচেয়ে পরিচিত গমের আটার রুটি। গমে গ্লুটেন থাকায় আটা সহজে মাখানো যায় এবং রুটি তুলনামূলক নরম হয়। রুটি কিংবা পরোটা—দুই ধরনের খাবার তৈরিতেই গমের আটা বেশ উপযোগী। যাঁরা নরম ও সহজে তৈরি করা যায় এমন রুটি পছন্দ করেন, তাঁদের জন্য এটি ভালো বিকল্প।

প্রতিটি শস্যের পুষ্টিগুণ ও স্বাদ আলাদা। তাই শুধু একটি আটার ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাস ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের শস্যের রুটি খেতে পারেন। তবে মনে রাখতে হবে, কোনো একটি রুটিই সবার জন্য সবচেয়ে উপকারী নয়। বয়স, শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদা অনুযায়ী খাবার নির্বাচন করাই ভালো। বৈচিত্র্যময় ও সুষম খাদ্যতালিকাই সুস্থ থাকার অন্যতম উপায়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]