যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সেলিনা রহমান ও তার ১৫ বছর বয়সী মেয়ে সামিহা রহমান। পানিতে বিপদে পড়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কোলচেস্টারের কাছে সি ভিউ হলিডে পার্কসংলগ্ন ওয়েস্ট মার্সিয়া সৈকতে জোয়ারের সময় এ দুর্ঘটনা ঘটে। কয়েকজন পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
প্রতিবেদনে বলা হয়, চল্লিশোর্ধ্ব শিক্ষক সেলিনা রহমান পরিবারের সদস্যদের নিয়ে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সেখানে গিয়েছিলেন। এ সময় সাত বছর বয়সী এক শিশুকে পানির স্রোত থেকে উদ্ধার করতে গিয়ে তিনি ও তার মেয়ে সামিহা দুজনই তলিয়ে যান। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
নিহত সেলিনা রহমান যুক্তরাজ্য বিএনপির সহযোগী সংগঠন যুবদল ইউকের সভাপতি ডা. মনসুর রহমানের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্ধার করা সাত বছর বয়সী শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। অপর দুজনের আঘাত গুরুতর নয়।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং আরও তিনজনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে।
ওয়েস্ট মার্সিয়া কোস্টগার্ড রেসকিউ টিম ঘটনাটিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জরুরি সেবাকর্মীদের দ্রুত তৎপরতার প্রশংসা করে এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
প্রবাসে বাংলা এর সর্বশেষ খবর