• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:২১ রাত

মার্কিন অভিনেত্রী বেকা’র পরিবারে নতুন সদস্য

ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেত্রী বেকা টোবিনের পরিবারে যোগ হয়েছে নতুন সদস্য। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গ্লি’-এর এই অভিনেত্রী ও তাঁর স্বামী জ্যাক মার্টিন দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দম্পতি।

বেকা জানান, তাঁদের মেয়ের নাম রাখা হয়েছে মেয়ার জুন মার্টিন। নামটির সঙ্গে পরিবারের আবেগঘন ইতিহাস জড়িয়ে আছে। ‘মেয়ার’ নামটি তাঁর প্রপিতামহের স্মৃতিকে ধারণ করে রাখা হয়েছে, যার অর্থ ‘আলোর বাহক’। অন্যদিকে ‘জুন’ নামটি রাখা হয়েছে অভিনেত্রীর প্রিয় দাদির স্মরণে।

অভিনেত্রী জানান, শিশুটি নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই পৃথিবীর আলো দেখেছে। সারোগেট মায়ের শারীরিক জটিলতার কারণে চিকিৎসকদের পরামর্শে আগেভাগেই প্রসব করানো হয়। অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় নবজাতককে বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। তবে মা ও শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বেকা।

এটি বেকা টোবিন ও জ্যাক মার্টিন দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের প্রথম সন্তান, ছেলে রাদারফোর্ড ‘ফোর্ড’ থমাস মার্টিনের জন্ম হয়েছিল।

সন্তান নেওয়ার যাত্রা মোটেও সহজ ছিল না বলে আগেই জানিয়েছিলেন বেকা। দীর্ঘদিন বন্ধ্যত্বজনিত সমস্যার সঙ্গে লড়াই, একাধিক গর্ভপাত এবং আইভিএফ চিকিৎসার কঠিন অভিজ্ঞতার কথা তিনি বিভিন্ন সাক্ষাৎকারে খোলামেলাভাবে তুলে ধরেছেন। পরে সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বপ্ন পূরণ করেন এই অভিনেত্রী।

নতুন অতিথিকে ঘিরে টোবিন-মার্টিন পরিবারে এখন উৎসবের আমেজ। সুখবর প্রকাশের পর থেকেই সহকর্মী, বন্ধু ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে।

বেকা টোবিন সম্পর্কে

১৯৮৬ সালের ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন বেকা টোবিন। ফক্সের জনপ্রিয় মিউজিক্যাল কমেডি সিরিজ ‘Glee’-তে কিটি ওয়াইল্ড চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। পাশাপাশি ‘The Wedding Contract’, ‘Turner & Hooch’, ‘Drop Dead Diva’-সহ একাধিক টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি জনপ্রিয় পডকাস্ট ‘LadyGang’-এর অন্যতম উপস্থাপকও।

সূত্র: ইন্টারটেনমেন্ট টাইমস

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]