যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের সঙ্গে কোনো বেসামরিক পারমাণবিক চুক্তি করতে হলে দেশটিকে অবশ্যই আব্রাহাম চুক্তিতে যোগ দিতে হবে। একই সঙ্গে ইয়েমেনের হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প বলেন, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির পথ খুলবে। পাশাপাশি হুথিদের ভবিষ্যতের যেকোনো হামলার দায় ইরানের ওপর বর্তাবে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রুবিও দাবি করেন, “ইরান একটি চুক্তির জন্য আকুতি জানাচ্ছে। তাদের বাস্তবতা বুঝতে হবে। তারা যা করছে, তার জন্য তাদের খুব বড় মূল্য দিতে হবে।”
অন্যদিকে টানা ১২তম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সীমান্তবর্তী শালামচেহ সীমান্ত ক্রসিংয়ে হামলায় অন্তত দুজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
এদিকে জর্ডান, বাহরাইন ও কুয়েত জানিয়েছে, তারা ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।
আল জাজিরা আরও জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। একই সময়ে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর