কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনীর স্টিকার সাটানো ল্যান্ড ক্রুজার থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওবায়দুল হাসান (৪১) নামে সাবেক এক ল্যান্স করপোরালকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে থেকে ওবায়দুলকে আটক করা হয়। তার বাড়ি বগুড়া পৌরসভার বাগুপাড়া এলাকা। বর্তমানে থাকেন গাজীপুরে।
পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে কর্মরত অবস্থায় ২০১৯ সালে অবসরে যান ওবায়দুল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ল্যান্ড ক্রুজারে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নেওয়ার গোয়েন্দা তথ্য ছিল তাদের। এর ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত পৌনে ৯টার দিকে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে।
তিনি আরও বলেন, গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, ওবায়দুল বৃহস্পতিবার সকালে গাড়ি নিয়ে কক্সবাজারে যান। রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। তবে গাড়িতে ইয়াবা কীভাবে এসেছে, তা জানেন না বলে দাবি করেছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সেনাবাহিনীর স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা পাচারের ঘটনা উদ্বেগজনক। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে ১৫ জুলাই কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার সাটানো প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল তখন বলেছিলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এমন কৌশল অত্যন্ত উদ্বেগজনক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর