রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পড়ে থাকা একটি ছাতা ঘিরে শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছাতার ভেতর থেকে আলো জ্বলতে দেখা গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের তৎপরতায় নিশ্চিত হওয়া যায়, সেটির ভেতরে একটি বোমা রাখা হয়েছিল।
পুলিশ জানায়, খবর পেয়ে মতিঝিল থানা ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করে এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে ডাকে। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাটিকে নিরাপদ উপায়ে নিষ্ক্রিয় করেন। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, স্থানীয়দের দ্রুত তথ্য দেওয়ার কারণেই বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। ছাতার ভেতরে থাকা বস্তুটি পরীক্ষা করে বোমা হিসেবে নিশ্চিত হওয়ার পর সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর