সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে দায়িত্বে বহাল রেখে তাঁর কাছ থেকে শপথ নেওয়ার পর এখন তাঁর বিচার দাবি করাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তাঁর দাবি, অন্তর্বর্তীকালীন সরকার যদি রাষ্ট্রপতির মাধ্যমে শপথ না নিয়ে বিপ্লবী সরকার গঠন করত, তাহলে রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হতে পারত।
রাশেদ খাঁনের ভাষ্য, নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাঁকে একপ্রকার ক্ষমা করে নতুন করে বৈধতা দিয়েছিল। তাই কাউকে ক্ষমা করে এবং নতুনভাবে মূল্যায়ন করার পর আবার তাঁর বিচার দাবি করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, নাহিদ ইসলামদের উচিত নিজেদের ভুল স্বীকার করে জাতির কাছে দুঃখপ্রকাশ করা। তাঁর অভিযোগ, জনগণকে বিভ্রান্ত করতেই এখন রাষ্ট্রপতির বিচার দাবি করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেন এই বিচার করা হয়নি।
রাশেদ খাঁন বলেন, ‘সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর