দলীয় নেতাকর্মীদের কাছে চাঁদা দাবী ও মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, ঝিকিরা মহল্লার বাসিন্দা ও যুবদল নেতা মো: আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো: আব্দুল মোমেন ও শ্রমিক দলের নেতা মমতাজ আলী।
উল্লাপাড়া থানার ওসি এ এফ এম মনিরুজ্জামান বলেন, ২০ জুলাই পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় পরবর্তিতে তাকে মারধর করা হয়। এ অবস্থায় আলমগীর হোসেনের ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিষ্টার শনিবার সন্ধ্যায় থানায় আসেন। ওই সময় থানার গেটে তাকেও মারধর করে হত্যার হুমকি দেওয়া হয়।
এসব ঘটনায় আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম মিষ্টার বাদী হয়ে রোববার সন্ধ্যায় পৃথক দুটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর