আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ভালো নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত প্রক্রিয়া। এজন্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেস্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংলাপে সভাপতিত্ব করছেন।
তিনি বলেন, অতীতে জাতীয় নির্বাচনে সহিংসতায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন শহীদ ওসমান হাদি।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে সানাউল্লাহ বলেন, আপনাদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা আপনাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে যদি আপনারা বলেন, আমরা আর সহিংস নির্বাচনের পথে হাঁটব না, ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা রাখার পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের মনিটরিং সেল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেকোনো সময় এসে মনিটরিং কার্যক্রম দেখতে পারবেন। এতে দলগুলো আশ্বস্ত হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে তথ্য দিয়েও সহযোগিতা করতে পারবে।
অভিযোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, অনেক সময় অভিযোগকারীরা সুনির্দিষ্ট তথ্য দেন না। কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত কিংবা কারা সাক্ষী এসব তথ্য না দিয়ে শুধু বলা হয়, বাড়ি বাড়ি টাকা বিতরণ হচ্ছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া কঠিন। তাই অভিযোগ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভালো নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়। এটি একটি সম্মিলিত প্রক্রিয়া। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়েই নির্বাচন সম্পন্ন করতে হয়।
রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করে সানাউল্লাহ বলেন, সবার সহযোগিতায় ভালো নির্বাচনের সংস্কৃতি এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর