রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিনটি শর্ত সাপেক্ষে পুনর্বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই রয়েছে।
আদেশে বলা হয়, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও আপিলের বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন শেষে দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পূর্বের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আরোপ করা শর্তগুলো হলো—
দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী হাসপাতাল পরিচালনা করতে হবে।
লাইসেন্সের শর্ত অনুসারে প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
লাইসেন্সের শর্তাবলি লঙ্ঘিত হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর