চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত দুর্ধর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২৫) ও তার সহযোগী সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) আটক করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার (২৬ জুলাই) রাতে নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠ এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ৷
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযানকালে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগাজিনে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এছাড়া সাইদুল ইসলামের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের নিজেদেরকে চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তারা অবৈধভাবে সংগ্রহ করে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এসব ব্যবহার করত বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বায়েজিদ থানা সূত্রে জানা যায়, গ্রেফতার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপরদিকে সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর