দক্ষিণ আফ্রিকা কেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল কিংবা কেন তারা বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী, তার প্রমাণ যেন সফরের শুরুতেই পেল বাংলাদেশ।
জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন (০) ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অভিজ্ঞ মুমিনুল হকও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। দুজনকেই শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। ওপেনার তানজিদ হাসান করেছেন ২ রান। তাঁকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৭২ রান করে নির্বাচকদের নজর কাড়েন রবিন। এর সুবাদে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে জায়গা পান তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে গড়পড়তা বোলারদের বিপক্ষে রান করা আর রাবাদার মতো বিশ্বমানের পেসারকে সামলানোর মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য, টেস্ট অভিষেকেই তা টের পেলেন এই ব্যাটার।
ক্যারিয়ারের ৮৩তম টেস্ট খেলতে নামা মুমিনুল অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে মুমিনুলের ব্যাটিং পরিসংখ্যানও বেশ হতাশাজনক। সেখানে ৯ ইনিংসে মাত্র ১১.৬৬ গড়ে ১০৫ রান করেছেন তিনি। এর মধ্যে সাতবারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।
কুশল/সাএ
সর্বশেষ খবর