দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (Star Tech)-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শো-রুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ওই শিক্ষার্থী দাবি করেন, তিনি ম্যাকবুক এয়ার এম৫ (MacBook Air M5) মডেলটি ১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যে প্রি-অর্ডার করেন এবং এর জন্য ২০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন। তবে কয়েকদিন পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পণ্যটি স্টকে না থাকায় ডেলিভারি দেওয়া সম্ভব নয়।
ভুক্তভোগীর দাবি, অর্ডার বাতিলের কথা জানানোর পরও স্টার টেকের ওয়েবসাইট ও শো-রুমে একই মডেলের ম্যাকবুক ‘ইন স্টক’ দেখানো হচ্ছিল। তবে তখন ডিভাইসটির মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
তার অভিযোগ, কম মূল্যে নেওয়া প্রি-অর্ডার বাতিল করে বাড়তি দামে একই পণ্য বিক্রির উদ্দেশ্যেই স্টক সংকটের কথা বলা হয়েছে।
সমাধানের জন্য শো-রুমে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পেশাদার আচরণ করেননি বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী। তার ভাষ্য অনুযায়ী, একই পণ্য সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয় এবং বিভিন্ন প্রশ্নের জবাবে তাকে বলা হয়, ‘তোমার এখনও অনেক কিছু শেখার আছে।’
তিনি আরও দাবি করেন, পুরো ঘটনার প্রায় ৪০ মিনিটের অডিও রেকর্ডিং তার কাছে সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজন হলে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।
ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের মতে, কোনো প্রতিষ্ঠান অগ্রিম অর্থ গ্রহণ করে থাকলে চুক্তির শর্ত অনুযায়ী পণ্য সরবরাহের দায় থাকে। যদি মূল্য বৃদ্ধির কারণে অর্ডার বাতিল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য সরবরাহে বিলম্ব করা হয়ে থাকে, তবে বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তদন্তের আওতায় আসতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে ভুক্তভোগী ক্রেতারা প্রয়োজনীয় কাগজপত্র, অর্থ পরিশোধের রসিদ, ওয়েবসাইটের স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (DNCRP) অভিযোগ করতে পারেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর