জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বালুর ট্রাক দিয়ে আটকে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’
এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার সড়কে অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে তারা দলীয় কর্মসূচি অব্যাহত রেখেছেন।
এর আগে বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে এনসিপির নেতারা শ্রীমঙ্গলের ‘চা কন্যা’ ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ সড়কে ব্যারিকেড দেয়। এ সময় কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহসহ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। পরে একপর্যায়ে ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যান তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ কয়েকজন আহত হন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনার পর সেদিন রাতেই এনসিপি হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।
একই দিনে জেলা যুবদলও সমাবেশের কর্মসূচি ঘোষণা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর