যশোর শহরের দড়াটানার ভৈরব পার্কের পাশে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে এক যুবককে ধারালো চাকুসহ আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনা ঘটে বুধবার রাত সাড়ে ১০টার দিকে। আটক যুবক হাসিব, তিনি বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এক মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দুজনকে ধাওয়া করেন। একপর্যায়ে ধাওয়া এড়াতে হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেন। তবে স্থানীয় যুবকদের তৎপরতায় নদী থেকে তাকে আটক করা সম্ভব হয়। পরে তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী তানভীর ইসলাম বলেন, পালানোর জন্য সে চাকুসহ ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। তবে তার অপর সহযোগী পালিয়ে যায়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার বলেন, দড়াটানা ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল দুই যুবক। ঠিক সেই সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে। হাসিব নদীতে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাকুসহ হেফাজতে নেয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, “আটক হাসিব বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর