আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটি এসব সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।
শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করা হয়েছিল। এর মধ্যে প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো নিয়ে কাজ করতে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যা জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেবে।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালত, আইন ও পুলিশ যদি সরকারের নিয়ন্ত্রণে থাকত, তাহলে মামলা হতো না। মামলাটি আইন অনুযায়ী তদন্ত হবে এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, সরকার আইনগতভাবে যা যা করার প্রয়োজন ছিল, তা করেছে। এখন তিনি নিজেই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন। তিনি দেশে এলে আইনের কাছে আত্মসমর্পণ করবেন এবং আইন অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটানো হবে না।
সম্পত্তির আইনি বণ্টন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বাবা-মা জীবদ্দশায় সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তর করার পর অনেক সময় শেষ জীবনে অসহায় হয়ে পড়েন। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের আদালতের বিভিন্ন রায়ে এ ধরনের নজির রয়েছে। তাই শেষ বয়সে বাবা-মায়ের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষার বিষয়ে সরকার কাজ করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর