ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেনসিডিল ও ৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।
রোববার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ মধুগ্রাম ও চম্পকনগর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে উল্লেখিত মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর