মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একাধিক শত্রু ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। কুয়েতের ভাষ্য অনুযায়ী, এসব ড্রোন ইরান থেকে পরিচালিত হয়ে দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডের প্রধান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেন, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তারা "যুদ্ধের আগুনে গ্রাসিত" হতে পারে।
এদিকে ওমানের লিমাহ উপকূলের উত্তর-পূর্বে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায় ২০ কিলোমিটার) দূরে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। হামলার জন্য এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি।
অন্যদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের আটটি জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। তবে এ ঘটনা ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি গোষ্ঠীটি।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এসব ঘটনার ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা ও বাণিজ্যিক নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কুয়েতের ড্রোন হামলা, তেলবাহী জাহাজে আঘাত এবং হুথিদের দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর