• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২১ রাত

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

ফাইল ফটো

পারমাণবিক অস্ত্রধারী ইরান মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানার সক্ষমতা রাখে বলেও দাবি করেছেন তিনি। তবে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে, আমাদের কাছে পৌঁছানোর নয়। তবে ইউরোপে আঘাত হানার সক্ষমতা তাদের আছে।’

ইরানকে অবস্থান পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হচ্ছে জানিয়ে ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানকে একটি সুযোগ দিতে চায়। তবে সামরিক পদক্ষেপের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় হামলা চালাতে পারে।

তিনি বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তাদের কোনো সামরিক বাহিনী নেই... আমরা যদি কোনো পদক্ষেপ নিই, তাহলে অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানব। তবে সেখানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখিনি।’

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে। এতে ইসরায়েলসহ এ অঞ্চলের অন্যান্য দেশও ঝুঁকির মুখে পড়বে।

ইরানের নেতাদের ‘পাগল’ আখ্যা দিয়ে তিনি বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, ‘আমি তাদের চিনেছি এবং সত্যি বলতে, তারা পাগল। এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেব না।’

মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্র নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি দেশগুলো নিজেদের প্রতিরক্ষায় সক্ষম হয়ে না ওঠা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

ন্যাটোর প্রধানের সঙ্গে ইরান নিয়ে আলোচনা

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকেও ইরান প্রসঙ্গ আলোচনায় এসেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া উচিত নয়—এ বিষয়ে রুটেও একমত।

বৈঠকে গ্রিনল্যান্ড নিয়েও আলোচনা হয়েছে। তবে আলোচনার বড় অংশজুড়ে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

ইরানকে রাশিয়া-চীনের সহায়তা নিয়ে যা বললেন ট্রাম্প

এদিকে মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে পৃথক এক আলাপচারিতায় ইরানকে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার খবরকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ও চীন ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে—এমন খবর নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়।

জবাবে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকেও বিষয়টি আলোচনায় এসেছিল। শির সঙ্গে বৈঠককে ‘অসাধারণ’ উল্লেখ করে তিনি ইরান সংঘাতে চীনের সম্পৃক্ততা সীমিত বলে ইঙ্গিত দেন।

রাশিয়ার গোয়েন্দা সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মস্কো ইরানকে খুব বেশি সহায়তা করছে বলে তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, রাশিয়া ও চীন—উভয় দেশই সংঘাতের অবসান চায় এবং এ লক্ষ্য অর্জনে তাঁকে সহযোগিতা করছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সঙ্গে ট্রাম্প-মেলানিয়ার কথা

থ্যাংকসগিভিং উপলক্ষে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মোতায়েন মার্কিন সামরিক সদস্যদের সঙ্গেও কথা বলেন। এ সময় তাঁরা সেনাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং তাঁদের নিরাপত্তা কামনা করেন।

সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন মেরিন কর্পসের অ্যাটাক স্কোয়াড্রন ৩১২-এর সদস্যদের উদ্দেশে তাঁরা বলেন, লাখ লাখ মার্কিন নাগরিক তাঁদের নিরাপত্তা ও সাফল্যের জন্য প্রার্থনা করছেন।

এ ছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে থাকা মার্কিন বিমানবাহিনীর ৫১০তম মিশন জেনারেশন ফোর্স এলিমেন্ট এবং মার্কিন সেনাবাহিনীর প্রথম ব্যাটালিয়ন, সপ্তম এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্টের সদস্যদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

মার্কিন নৌবাহিনীর ইউএসএস পোর্টল্যান্ডে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন ট্রাম্প ও মেলানিয়া। পরিবারের কাছ থেকে দূরে থেকে দায়িত্ব পালনের কষ্টের কথা উল্লেখ করে তাঁদের অবদানের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধে সমঝোতার প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ট্রাম্প বারবারই বলে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথাও বলছেন তিনি।

সূত্র- গালফ নিউজ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]