দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতায় যাচ্ছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। আগামী সপ্তাহান্তে পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ের আয়োজন হতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের মূল অনুষ্ঠান হবে মাদেইরার রাজধানী ফুনশালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। পরে অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। তবে পরে জানা যায়, ওই সময় এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ফলে সেই জল্পনার অবসান ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টায় ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর অতিথিরা যাবেন স্যাভয় প্যালেস হোটেলে, যেখানে রয়েছে একাধিক রেস্তোরাঁ ও বিশেষ আয়োজনের ব্যবস্থা।
হোটেল সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা, বারসহ কয়েকটি নির্দিষ্ট এলাকা অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে। বিশেষ এই আয়োজনকে ঘিরেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফুনশাল শুধু রোনালদোর বিয়ের স্থানই নয়, এটি তার শৈশব ও বেড়ে ওঠার শহরও। এই শহরে তার সম্মানে নির্মিত হয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য। এমনকি তার নামেও রয়েছে একটি হোটেল।
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ১২০ থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের মধ্যে। বিপুল সম্পদের মালিক হলেও জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত উদযাপনের জন্য জন্মভূমি মাদেইরাকে বেছে নেওয়াকে আবেগঘন সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকেই।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই শৈশব পার করেছেন রোনালদো। ভাইবোনদের সঙ্গে ছোট একটি কক্ষে থাকতে হয়েছে তাকে। মাত্র ১১ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং ক্লাবের একাডেমিতে যোগ দেন তিনি। সেই কঠিন পথ পেরিয়েই আজ বিশ্বের অন্যতম সফল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন রোনালদো।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর