আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন ইনজুরির কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন দাস। পাশাপাশি টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
শুক্রবার (২৩ অক্টোবর) ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকও। তবে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট স্কোয়াডে থাকা সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ এবার দলে নেই।
পেস আক্রমণে তাসকিনের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। অন্যদিকে স্পিন বিভাগে আছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে দুই দল যাবে সিলেটে। সেখানে ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
কুশল/সাএ
সর্বশেষ খবর