যুক্তরাষ্ট্র ও ইসরাইল শুধু ইরানের বিরুদ্ধে নয়, পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধেই যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বর্তমান আঞ্চলিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই দায়ী।
সোমবার (৩ আগস্ট) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসমাইল বাঘাই বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ব্যবহারের ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বেড়েছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ অঞ্চলের দেশগুলো স্বাভাবিকভাবেই উদ্যোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
ইয়েমেন সংকট প্রসঙ্গে ইরানি মুখপাত্র বলেন, এটি ইয়েমেনের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এবং সংলাপের মাধ্যমেই এর সমাধান হওয়া উচিত। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার সঙ্গে ইয়েমেন ইস্যুকে যুক্ত করার চেষ্টা মূল দায়িত্ব এড়ানোর কৌশল বলেও তিনি অভিযোগ করেন।
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বাঘাই জানান, দুই দেশের আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি। তবে চীনসহ কয়েকটি দেশ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে এবং প্রয়োজন অনুযায়ী কাতারও সহযোগিতা করছে।
এছাড়া গত সাত থেকে আট দিন ধরে ওমানের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বাঘাই বলেন, এসব আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। একই সঙ্গে অঞ্চল ও অঞ্চলের বাইরের কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর