আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের নিয়মেই পরিচালিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী কলেজে ভর্তি নিশ্চিত করা হবে।
এ লক্ষ্যে আগের নীতিমালা বহাল রেখে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, এবারও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গত বছরের মতো এসএসসি ও সমমান পরীক্ষার ফল বা নম্বরের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে। একই নিয়ম অনুসরণ করে নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট ফল প্রকাশ করা হবে।
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও আবেদন সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর