দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও মন্ত্রিসভায় অনুমোদিত নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাবেন। তবে তাদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী সপ্তাহে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় বেতন দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক গেজেট জারির বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। তবে এটি এখনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে থাকায় এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে দেশে ফেরার পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হতে পারে।
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় তুলনামূলক বেশি, তারা এমপিওর বাইরে থেকেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দিতে পারে। তবে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সে ধরনের আর্থিক সক্ষমতা নেই।
কুশল/সাএ
সর্বশেষ খবর