• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০৫ সকাল

বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও বড় পতন হয়েছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতার আশা জোরালো হওয়ায় দাম আরও কমে যায়। এর ফলে মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে ইরানের সঙ্গে সমঝোতার আশায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আলোচনা এমন পর্যায়ে এগিয়েছে যে চলতি সপ্তাহেই জাহাজ চলাচল আবার শুরু হতে পারে।

আর এই খবরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে। তবে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে আগের আলোচনাগুলো ব্যর্থ হওয়ায় তেলের বাজারে অস্থিরতা বজায় রয়েছে। আর এর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপরও। অনেক দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় গাড়িচালকদের বেশি অর্থ গুনতে হচ্ছে।

বিবিসি বলছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে নেমে আসে। এতে করে উভয় সূচকই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

মার্কো রুবিও বলেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকদের তিনি বলেন, ‘আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই তা হবে।’

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে মঙ্গলবার অথবা বুধবারই সমঝোতা হতে পারে। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, আজ অথবা আগামীকালই প্রণালিটি খুলে দেয়া এবং চলমান সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থার দিকে নেয়ার বিষয়ে সমঝোতা হতে পারে।’

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনও ফি আদায় করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, ‘সেখানে অবাধ চলাচল নিশ্চিত হবে।’

যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন, তবে সম্ভাব্য সমঝোতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা করছে না এবং এমন কোনও পরিকল্পনাও নেই। দেশটি বর্তমানে ওমানের সঙ্গে আলোচনা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থাপনা নিয়ে মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক ভাবে এগোচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্যতম মধ্যস্থতাকারী কাতারও জানিয়েছে, তারা অন্যান্য মধ্যস্থতাকারীদের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনও সরাসরি আলোচনার পরিকল্পনা নেই।

এদিকে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্র তার দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় সবই ব্যবহার করে ফেলেছে বলে বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুটি সূত্র।

মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় হরমুজ প্রণালি অন্যতম প্রধান ইস্যু। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে বিশ্বের দৈনিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ এ নৌপথ দিয়ে পরিবহন হতো। সংঘাত শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে এ অঞ্চলে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়া গত ২০ জুলাই থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বন্দরগুলোর দিকেও অবরোধ জারি করেছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার পর লোহিত সাগরের এ পথটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে ওঠে। তবে গত এক সপ্তাহে একের পর এক জাহাজে হামলার ঘটনায় এ পথও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এমন অবস্থায় মঙ্গলবার ইয়েমেন উপকূলের কাছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে এবং পরে সেটি ডুবে যায় বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহনমন্ত্রী। অবশ্য জাহাজে থাকা ১৪ জনকেই উদ্ধার করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]