মার্কিন ডলারের দরপতন এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা দিয়েছে। টানা তিন কার্যদিবসের ঊর্ধ্বগতির পর স্বর্ণের আন্তর্জাতিক দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বুধবার (৫ আগস্ট) লেনদেন চলাকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫ দশমিক ৫৩ ডলারে ওঠে, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের নজর এখন দেশটির আসন্ন কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। একই সঙ্গে ডলারের দুর্বলতা এবং অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়েছে।
ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর জ্বালানি তেলের বাজারের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ফলে তেলের দামের পরিবর্তন এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির ওঠানামা স্বর্ণের দামে সরাসরি প্রতিফলিত হচ্ছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৭৯ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দামও ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৮৯ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের এ মূল্যও গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর