অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডার অতিরিক্ত কমিশন, বিভিন্ন সার্ভিস চার্জ এবং অসামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক নীতিমালার প্রতিবাদে সেবা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর শাখা। ইতিমধ্যে চট্টগ্রামের রেস্টুরেন্টগুলো ফুডপান্ডার সার্ভিস বর্জন করেছে।
রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডায় একেক রেস্টুরেন্ট থেকে একেক রকম, যেমন- ১৫%, ১৮% থেকে শুরু করে ৩০% থেকে ৩৫% পর্যন্ত কমিশন কাটা হচ্ছে। এর পাশাপাশি সিপিসি, এভারেজ ওয়েট টাইম (ডব্লিউটিএফ) এবং নানা ধরনের প্ল্যাটফর্ম চার্জের কারণে মাস শেষে হিসাব অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়।
এক রেস্তোরাঁ মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি এক বিক্রেতা ২৪০০ টাকার খাবার বিক্রি করার পরেও বিভিন্ন চার্জ কেটে হাতে মাত্র ১৩৪ টাকা পেয়েছে! এমন অবাস্তব ও অযৌক্তিক খরচের বিষয়ে ফুডপান্ডাকে বহুবার জানানো হলেও তারা কোনো সন্তোষজনক সমাধান দেয়নি।
মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, এর আগে ৬৪ জেলায় একসঙ্গে আন্দোলন করে সরকার নির্ধারিত ১৫% ভ্যাট ৫%-এ নামিয়ে আনতে তারা সফল হয়েছিল। অথচ ফুডপান্ডার একতরফা ও বৈষম্যমূলক নীতির কারণে ব্যবসায়ীরা টিকতে পারছেন না। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ফুডপান্ডার বিরুদ্ধে এমন আন্দোলন হয়েছে এবং সেখানে তারা কমিশন কমিয়ে ১৫%-এ নামিয়ে আনতে বাধ্য হয়েছে।
ফুডপান্ডার এই বর্জন কর্মসূচির প্রভাব পড়েছে ডেলিভারি রাইডারদের ওপরেও। রাইডারদের অভিযোগ, আন্দোলনের পর থেকে তাদের অর্ডার সংখ্যা ও আয় উল্লেখযোগ্য হারে কমে গেছে।
খাবার রেস্টুরেন্টের জন্য একটি ন্যায্য ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ফুডপান্ডা বর্জন কর্মসূচি কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রেস্টুরেন্ট মালিকরা। পাশাপাশি অন্যান্য অঞ্চলেও এই বর্জনের সাথে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর