নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে নারীর মৌলিক মানবাধিকার রক্ষা এবং নাগরিক হিসেবে নারীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ একটি সুপারিশমালা পেশ করেছে। গত ৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ মহিলা পরিষদের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এম.পি.-র সাথে সাক্ষাৎপূর্বক এই সুপারিশমালা পেশ ও মতবিনিময় করে।
বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে আইন প্রণয়ন, আইন সংস্কার, আইনের বাস্তবায়নসহ এ সংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করা হয় এবং বাস্তবায়নের স্বপক্ষে যুক্তি তুলে ধরা হয়। মাননীয় মন্ত্রী সকল বিষয় গুরুত্ব সহকারে শোনেন।
মতবিনিময়কালে মাননীয় মন্ত্রী এবং মন্ত্রণালয়ের উপস্থিত প্রতিনিধিবৃন্দ নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে গৃহীত সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মাননীয় মন্ত্রী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে আইনগত সহায়তা প্রদানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি যৌথ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট সুপারিশ পেশ ও মতবিনিময়কালে মাননীয় মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এম.পি., মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস.এম. এরশাদুল আলম ও মো: খাদেম উল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এর মহাপরিচালক মো: মঞ্জুরুল হোসেন, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মো: সাজ্জাদুর রহমানসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, লিগ্যাল এইড উপ-পরিষদের পরিচালক লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবি অ্যাড. দীপ্তি সিকদার ও উপ-পরিচালক অ্যাড. রাম লাল রাহা প্রমুখ।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর